স্পোর্টস ডেস্ক : কোচিং স্টাফে নতুন সদস্য যোগ করেছে পাকিস্তান। ব্যাটিং কোচ হিসেবে মাইকেল স্মিথকে নিয়োগ দিয়েছে তারা। তিন সংস্করণেই এই দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকান কোচ। ৪৬ বছর বয়সী স্মিথকে নিযুক্ত করার কথা মঙ্গলবার নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে তারা। এতদিন পাকিস্তান টেস্ট বা সীমিত ওভারের কোনো দলের জন্য নির্দিষ্ট কোনো ব্যাটিং কোচ ছিল না। জাতীয় দলের নির্বাচক আসাদ শাফিক মাঝে মধ্যে এই দায়িত্ব পালন করতেন। এখন থেকে স্মিথই দায়িত্ব সামলাবেন। পাকিস্তান ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে স্মিথের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতান্সের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়ায় ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। পাকিস্তান দলে স্মিথের প্রথম দায়িত্ব হবে ইংল্যান্ড সফর। যেখানে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ব্যাটিং নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। চাপে পড়লে নিয়মিত ব্যাটিং ধসে পড়ার প্রবণতা দলটির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে যেমন ৩ উইকেটে ২৪৪ রান থেকে ২৮২ রানে গুটিয়ে যায় তারা। ৩৮ রানে শেষ ৭ উইকেট হারায় সফরকারীরা। পরে ২১১ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ১২০ রানে গুটিয়ে হারের তেতো স্বাদ পাওয় দলটি। পাকিস্তানের এমন ব্যাটিং ধস প্রায়ই দেখা যায়। আর দলটির শেষ ১৭ টেস্টের ১৩টিতে হারের বড় কারণ এটি।। পাকিস্তানের ব্যাটিং সংকট আরও বাড়িয়েছে তাদের লোয়ার অর্ডারের ব্যর্থতা। ২০২৫ সালের শুরু থেকে টেস্টে পাকিস্তানের শেষ চার ব্যাটসম্যানের গড় উইকেটপ্রতি মাত্র ৯.৯১ রান, যা এ সময়ে সব টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সর্বনিম্ন। ব্যাটিংয়ে কঠিন সময় কাটানো পাকিস্তানকে ভালো অবস্থায় ফেরানোর দায়িত্ব এখন স্মিথের কাঁধে। খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তিন সংস্করণে ৭ হাজার ২৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার নামের পাশে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪০টি হাফসেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু ১৯ আগস্ট, লিডসে। Post Views: 4 Post navigation ৩৪ বছরেই থেমে গেল জীবন, ঘুমের মধ্যে মারা গেলেন ব্রাজিলিয়ান ইউএফসি ফাইটার