ঢাকা :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA) কর্তৃক উদ্ভাবিত দু’টি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম— Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NRS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন এবং অংশীজনদের মতামত গ্রহণ করা হয়।আজ রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই প্ল্যাটফর্ম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NRS) উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সাথে সাথে সাইবার হামলা, তথ্য চুরি, অনলাইন প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকিও বাড়ছে। CIRS -এর মাধ্যমে নাগরিক ও প্রতিষ্ঠান সহজে সাইবার ঘটনার রিপোর্ট করতে পারবে এবং দ্রুত প্রতিকার পাবে। অন্যদিকে NRS সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়নে সহায়তা করবে।মন্ত্রী আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অপপ্রচার ও অনলাইন হয়রানি রোধে সচেতনতা এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। নিরাপদ, স্থিতিশীল ও আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকার, প্রতিষ্ঠান ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই উদ্যোগগুলো দেশের সাইবার নিরাপত্তা কাঠামোকে আরো শক্তিশালী করবে এবং নাগরিকদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করবে বলেও মন্ত্রী জানান।প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, আজকের উদ্যোগটি গুরুত্বপূর্ণ হলেও আত্মতুষ্টির সুযোগ নেই; ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস সমাজের দিকে এগিয়ে যেতে হলে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, সাইবার নিরাপত্তা শুধু সরকারের নয় নাগরিক, বেসরকারি খাত ও সরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব। ব্যাংকিং, আর্থিক খাত এবং সরকারি তথ্যভাণ্ডারের নিরাপত্তা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে সাইবার ঝুঁকি আরো বাড়বে, তাই এআই, সাইবার নিরাপত্তা ও ডেটা প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই হবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষার প্রধান ভিত্তি।অনুষ্ঠানে উপস্থাপিত তথ্যানুযায়ী, CIRS প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক, প্রতিষ্ঠান ও অনুমোদিত ব্যবহারকারীরা সাইবার-সংক্রান্ত ঘটনা দ্রুত ও কাঠামোবদ্ধভাবে রিপোর্ট করতে পারবেন। প্রতিটি রিপোর্ট যাচাই, বিশ্লেষণ, এসকেলেশন, প্রতিক্রিয়া, মনিটরিং ও নিষ্পত্তির সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হবে। অন্যদিকে, NRS দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আইটি, তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়নের জন্য একটি জাতীয় রেটিং ব্যবস্থা হিসেবে কাজ করবে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা এর সভাপতিত্ব অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী (অব.)সহ, বিভিন্ন অংশীজন এবং আইসিটি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-ত.বি. Post Views: 27 Post navigation সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য— পানি সম্পদ মন্ত্রী