নিউইয়র্ক, ২৪ জুন ২০২৬: স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) অর্জিত উন্নয়ন অগ্রগতি টেকসই রাখতে বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) প্রতিশ্রুতি পূরণ এবং সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ সাধারণ পরিষদ ও ইকোসকের যৌথ থিম্যাটিক অনুষ্ঠানে দোহা কর্মসূচি (ডিপিওএ) বাস্তবায়নের মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঋণ সংকট এবং জ্বালানি নিরাপত্তাহীনতার কারণে অনেক এলডিসির উন্নয়ন অগ্রগতি ঝুঁকির মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃঢ় ও কার্যকর সহায়তা প্রয়োজন।
বাংলাদেশের এলডিসি উত্তরণের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত চৌধুরী উত্তরণকাল তিন বছর বাড়ানোর পক্ষে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি উত্তরণের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে এলডিসিগুলোর জন্য বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার ও সহায়তা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মার্চে কাতারে অনুষ্ঠিতব্য দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনা সম্মেলন এলডিসি ও উত্তরণশীল দেশগুলোর জন্য গৃহীত প্রতিশ্রুতির বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং সুনির্দিষ্ট ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
-প্রেস বিজ্ঞপ্তি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *