বিয়ের জল্পনা আগেই জোরালো হয়েছিল। তবে এ বার বিয়ের তারিখও শোনা যাচ্ছে। কোথায় বসবে বিলাসবহুল বিয়ের আসর? বিনোদন ডেস্ক : দক্ষিণের তারকা সঙ্গীত পরিচালক ও গায়ক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং আইপিএলের ক্রিকেটদল সানরাইজ়ার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের বিয়ে নিয়ে জল্পনা বেশ কিছুদিন ধরেই তুঙ্গে। এ বার প্রকাশ্যে এল তাদের বিয়ের সম্ভাব্য তারিখও। সূত্রের খবর, চলতি বছরের ১০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে পারেন অনিরুদ্ধ ও কাব্য। গ্রিসে বিয়ের আসর বসতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।আনন্দবাজার ডট কম তবে এখনও পর্যন্ত অনিরুদ্ধ বা কাব্য— কেউই বিয়ের তারিখ বা স্থান আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেননি। তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ১০ নভেম্বর গ্রিসে তাদের বিয়ে হওয়ার কথা। যদিও, গ্রিসের কোথায় তাদের বিয়ে হতে পারে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে সে ভাবে কোনও মন্তব্য করেননি অনিরুদ্ধ বা কাব্য। যদিও তাদের বিয়ের জল্পনা জোরালো হয় জুন মাসে অনিরুদ্ধের আত্মীয়, বর্ষীয়ান অভিনেতা ওয়াইজি মহেন্দ্রের করা একটি মন্তব্যে। তখনই খবর ছড়ায়, খুব শিঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনিরুদ্ধ ও কাব্য। এক সাক্ষাৎকারে মহেন্দ্র বলেছিলেন, “ও (অনিরুদ্ধ) খুবই শান্ত স্বভাবের ছেলে। এই সুযোগে ওকে অভিনন্দন জানাতে চাই। বেশ বড়সড় একটা বিয়ের অনুষ্ঠানে পা রাখতে চলেছে।” তিনি জানান, ‘জওয়ান’-খ্যাত সঙ্গীত পরিচালকের পরিবারের তরফেই এই বিয়ের বিষয়টি নিশ্চিত ভাবে জানতে পেরেছেন। তার কথায়, “আমাকে যা জানানো হয়েছে, তাতে এটা নিশ্চিত। ওরা বিয়ে করছে।” কাব্যেরও ভূয়সী প্রশংসা করেছিলেন মহেন্দ্র। বলেছিলেন, “ও কোনও সাধারণ মেয়ে নয়। এত বড় একটি দল (হায়দরাবাদের আইপিএল টিম) সামলানোর ক্ষমতা ওর রয়েছে। বাবার ব্যবসায়িক দক্ষতা ওর মধ্যে রয়েছে।” শুধু তা-ই নয়, এই জুটিকে নিয়েও নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “ওরা জুটি হিসেবেও দারুণ। দু’জনে একসঙ্গে থাকুক। সঙ্গীতের দুনিয়ায় আরও কিছু করুক, এই আশীর্বাদ করি।” প্রসঙ্গত, অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের গুঞ্জন এই প্রথম নয়। ২০২৫ সালের জুন মাসে সমাজমাধ্যমে দাবি করা হয়, এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন দু’জনে। তখন অনিরুদ্ধের অপর আত্মীয়, তারকা অভিনেতা রজনীকান্ত নাকি কাব্যের বাবা কলনীতি মারানের সঙ্গে দেখা করে বিয়ের আলোচনাও সেরে ফেলেছিলেন বলে শোনা যায়। তবে সেই সময়ে বিয়ের খবর উড়িয়ে অনিরুদ্ধ লিখেছিলেন, “বিয়ে? শান্ত হও বন্ধুরা। গুজব ছড়ানো বন্ধ করো।” বিয়ের গুঞ্জনে জল ঢাললেও কাব্যের সঙ্গে সম্পর্কের জল্পনা সরাসরি অস্বীকার করেননি। এ বারে অবশ্য বিয়ের জল্পনাও অস্বীকার করেননি। বলা ভাল, কোনও মন্তব্যই করেননি। ফলে ভক্তদের মধ্যে জল্পনা বাড়লেও, সকলেই নিশ্চিত খবরের অপেক্ষায়। Post Views: 21 Post navigation ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ দাম্পত্য মধুর হয় তিন কৌশলে, বিশ্বাস করেন ভিকি কৌশল, তা কি যে কোনও সম্পর্কেই সত্যি?