দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরের খানসামায় সার মজুদের অভিযোগে দুই ডিলারের গুদামে অভিযান চালিয়ে ৬৫৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালত ২ ডিলারকে জরিমানা করেছে ৯০ হাজার টাকা। পাশাপাশি একটি গুদাম সিলগালা করা হয়েছে।জানা গেছে, ১১ সেপ্টেম্বর টংগুয়া বাজারের বিসিআইসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্স’-এ সার মজুদের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির গুদাম থেকে ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সার ডিলার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। নজরুল ইসলাম নামে জনৈক ব্যক্তি ডিলার পয়েন্টটি পরিচালনা করছিলেন। অভিযানে অবৈধভাবে সার মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর জেলা ও উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি বিভাগ পাকেরহাট এলাকায় ‘মেসার্স মহাদেব ট্রেডার্স’-এ গুদামে অভিযান পরিচালনা করেন। বিএডিসির নিবন্ধিত সার ডিলার মহিতোষ চন্দ্র সার মজুদ করে রাখার গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে গুদাম থেকে ৪৫০ বস্তা সার পাওয়া যায়। তন্মধ্যে নোয়াপাড়া গ্রুপের ক্রয় করা ৩০০ বস্তা এমওপি, বিএডিসি গ্রুপের ৫০ বস্তা এমওপি এবং ১০০ বস্তা ডিএপি সার রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহিতোষ চন্দ্রকে ৪০ হাজার টাকা জরিমানার পর গুদামটি সিলগালা করে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান কবির উদয় এবং খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ থানা পুলিশ ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস জানায়, সার মজুদ ও বিক্রির ক্ষেত্রে ডিলারদের একাধিকবার সতর্ক করা হয়েছে এবং নির্ধারিত নিয়ম মেনে চলতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার জানান, টংগুয়া বাজার থেকে জব্দ ২০৭ বস্তা সার আগামীকাল ১২ সেপ্টেম্বর স্থানীয় কৃষকদের মাঝে সরকার ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। Post Views: 37 Post navigation দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে– ভূমিমন্ত্রী দিনাজপুরে মাদক ব্যবসায়িকে শেল্টার দেয়ায়স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত