মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও প্রচার কর্মসূচি পরিচালিত হয়েছে।
​উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে এই সচেতনতামূলক কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” শীর্ষক প্রতিপাদ্য সংবলিত ব্যানার নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
​সমাবেশ শেষে প্রশাসনিক ভবনের আশপাশের জমে থাকা বর্জ্য, জঙ্গল ও এডিস মশার প্রজননস্থল হিসেবে ব্যবহৃত হতে পারে এমন স্থানসমূহ পরিষ্কার করা হয়। সংগৃহীত ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতাকর্মিদের মাধ্যমে ট্রাকে তুলে নিরাপদ স্থানে অপসারণ নিশ্চিত করা হয়।
​উক্ত অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মি এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ক্যাডেট সদস্যরা একযোগে অংশ নেন।
​কর্মসূচি থেকে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বসতবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখা, জমানো পানি ৩ দিনের বেশি না রাখা এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *