দিনাজপুর প্রতিনিধি ॥
প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক চিরন্তন। কিন্তু জলবায়ুর পরিবর্তনে সেই প্রকৃতিই কখনো কখনো হয়ে উঠছে ভয়ংকর। ঝড়-বন্যার পাশাপাশি বজ্রপাত এখন বাংলাদেশের মানুষের জন্য এক নীরব আতঙ্ক। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষকরাই বজ্রপাতের ঝুঁকিতে বেশি থাকেন। এই বাস্তবতায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে দিনাজপুরে তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশন।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিরামপুর বসাকপাড়া বুড়িরহাট সংযোগ সড়কের দুই পাশে ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়।
তালগাছ শুধু গ্রামীণ বাংলার চিরচেনা বৃক্ষ নয়, এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘজীবী এই বৃক্ষ মাটিকে আঁকড়ে ধরে রাখার পাশাপাশি সবুজায়নে অবদান রাখে। বজ্রপাতপ্রবণ এলাকায় উঁচু তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে—এমন ধারণা থেকেই দেশের বিভিন্ন এলাকায় তালগাছ লাগানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন এর আগে পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি সূচনা করে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরসহ দেশের বিভিন্ন বজ্রপাতপ্রবণ এলাকায় এ কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেয়া হয়েছে।
চারা রোপণের পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যে বজ্রপাত সম্পর্কে সচেতনতা বাড়াতে সেখানে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় খোলা মাঠে বজ্রপাতের সময় করণীয়, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ সময়ে সতর্ক থাকার বিষয়ে কৃষকদের সচেতন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুরভি আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু বোরহান, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, স্কয়ারের জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আসাদুল্লাহ আরমান আলী, ক্রপ কেয়ার ডিভিশন হেড অফিসের এক্সিকিউটিভ সেলস তাওহীদ মোঃ ফয়সালুল বারী, ফিল্ড ম্যানেজার নুর আলম সাগর, এসডিও আব্দুল্লাহ আল হাসিব ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *