ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

বাংলাদেশে সমন্বিত, টেকসই ও আধুনিক ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সহযোগিতা আরো জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন।

আজ অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ-এর ‘Programme of Action for Cancer Therapy (PACT)’-এর পরিচালক Lisa Stevens-এর সাথে অনুষ্ঠিত এক বৈঠকে সচিব মোঃ আনোয়ার হোসেন এ বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে বাংলাদেশে ক্যান্সার নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং ‘Rays of Hope’ উদ্যোগের মাধ্যমে জনগণের জন্য দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সচিব বলেন, নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় IAEA–WHO–IMPACT পর্যালোচনা মিশন বাংলাদেশের জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ সক্ষমতার প্রমাণভিত্তিক মূল্যায়ন এবং ক্যান্সার চিকিৎসার সামগ্রিক ব্যবস্থায় বাস্তবভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বাংলাদেশ এ মিশনের দিকে আগ্রহের সাথে তাকিয়ে আছে। তিনি আরো বলেন, আইএইএ ও সংশ্লিষ্ট অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে ‘Rays of Hope’ উদ্যোগের প্রতিশ্রুতিকে বাংলাদেশের জনগণের জন্য বাস্তব ও দীর্ঘস্থায়ী সুফলে রূপান্তর করতে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ।

বৈঠকে ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান উপস্থিত ছিলেন।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *