ঢাকা : তরুণ প্রজন্মকে আর্থিক জ্ঞান এবং কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী দক্ষতা দিয়ে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সেমিনার। প্রাইম ব্যাংক পিএলসি.-এর ফ্ল্যাগশিপ ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এই সেমিনারটির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়টির বিজনেস সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল একাডেমিক শিক্ষার সাথে ব্যাংকিং খাতের বাস্তব অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি করা, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও বেশি যোগ্য করে তুলবে।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সমন্বিত প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি, বৈষম্য হ্রাস এবং টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।” তিনি শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা ও অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব এবং দীর্ঘমেয়াদি পেশাগত সাফল্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সেমিনারে ক্যারিয়ার উন্নয়ন ও করপোরেট প্রস্তুতি বিষয়ক একটি সেশন পরিচালনা করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড অব ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. ইমরান হোসেন। তিনি বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ও করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও পেশাগত মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মাহমুদুর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশের উপযোগী করে গড়ে তুলতে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউবিএটি বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিবিএ কো-অর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নিয়ে এক ফলপ্রসূ আলোচনার ক্ষেত্র তৈরি করে। ‘প্রাইমএকাডেমিয়া’-এর মাধ্যমে প্রাইম ব্যাংক তরুণদের ক্ষমতায়ন এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎমুখী ক্যারিয়ারের সুযোগ সৃষ্টি করতে অঙ্গীকারবদ্ধ।
-সংবাদ বিজ্ঞপ্তি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *