দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরের কাহারোল উপজেলার সমবায় কার্যালয় থেকে নিবন্ধিত অগ্রণী কৃষি সমবায় সমিতিতে তথ্য অধিকার আইনে লিখিত তথ্য চাওয়ায় সমিতির ব্যবস্থাপক স্থানীয় দু’জন সাংবাদিককে তার অফিসে অবরুদ্ধ করে রাখে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে পুলিশের সহায়তায় ওই দুই সাংবাদিককে উদ্ধার করা হয়। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় কাহারোল উপজেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধিত অগ্রণী কৃষি সমবায় সমিতি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক আমার দেশ ও বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং খবর একদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রশিদুল ইসলাম ও যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সুকুমার রায়। সাংবাদিক ইউনিয়নে লিখিত অভিযোগসূত্রে জানা যায়, সাংবাদিক রশিদুল ইসলাম ও সুকুমার রায় তথ্য অধিকার আইন ২০০৯ এর ‘ক’ ফরম পূরণের মাধ্যমে অগ্রণী কৃষি সমবায় সমিতির বিভিন্ন অনিয়ম ও কার্যক্রম এর তথ্য চেয়ে লিখিত আবেদন করতে যান। বিষয়টি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সারোয়ার মূর্শেদকে লিখিতভাবে অবহিত করার পর সমিতির ব্যবস্থাপক প্রার্থনা রায়ের কাছে তথ্য চেয়ে আবেদন নিয়ে হাজির হন। আবেদনপত্র গ্রহণ না করে সমিতির ব্যবস্থাপক প্রার্থনা রায় হঠাৎ সাংবাদিকদের উপর চড়া হয় এবং অফিসের প্রধান দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এ সময় তিনি প্রকাশ্য হুমকি দিয়ে বলেন, হাজার হাজার টাকা আমরা উপজেলা সমবায় কর্মকর্তাকে দিয়ে ব্যবসা করি। আপনাদের কোন তথ্য দেব না। প্রয়োজনে আপনাদের দেখে নেয়ার ব্যবস্থা করছি। অফিসের ভেতরে অবরুদ্ধ থাকা অবস্থায় সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)’কে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার এর দ্রুত হস্তক্ষেপে প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং অবরুদ্ধ দুই সাংবাদিককে উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে কাহারোল উপজেলা সমবায় কর্মকর্তার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। এই ঘটনা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নেতৃত্বে পুলিশ প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তির সম্মুখে অগ্রণী কৃষি সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারীগণ অনুতপ্ত হয়ে নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা চান। Post Views: 9 Post navigation ৭নং সুখারী ইউনিয়নের পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ গোপালাশ্রমের আমিনুল হক