আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

ঢাকা :

শিশু-কিশোর ও তরুণদের মরণনেশার হাত থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

মন্ত্রী গতকাল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক ভিআইপি কনফারেন্স হলে ‘বিশ্ব শিশু দিবস-২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সেভ দ্য ইয়ুথ ফোরাম ও সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, শিশু, কিশোর ও যুব সমাজই আমাদের মূল সম্পদ। সন্তানরা সবচেয়ে বড় শিক্ষা পায় তাদের মায়ের কাছ থেকে। পারিবারিক শৃঙ্খলা ও ইতিবাচক অভ্যাস গঠনে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। তাই পরিবার ও সমাজে মায়েদের সর্বদা শ্রদ্ধার আসনে রাখতে হবে।

নিজের শৈশব ও কৈশোরের স্মৃতি স্মরণ করে মন্ত্রী আরো বলেন, শৈশবে খেলাধুলাই আমাকে সব ধরনের বাজে নেশা ও অপসংস্কৃতি থেকে দূরে রেখেছিল। খেলাধুলার ব্যস্ততা আমাকে কখনো কোনো মন্দ কাজে পা বাড়াতে দেয়নি। কিন্তু উদ্বেগের বিষয় হলো, বর্তমানে তরুণ ও যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

সীমান্তবর্তী ও দূরবর্তী অঞ্চলগুলোর বাস্তব চিত্র উল্লেখ করে পার্বত্য মন্ত্রী বলেন, কক্সবাজার ও বান্দরবানসহ সীমান্ত সংলগ্ন কিছু এলাকার উদীয়মান তরুণরা মাদকের কারণে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তাদেরকে এই মরণনেশা থেকে ফিরিয়ে আনতে সামাজিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইতিপূর্বে কক্সবাজার ও আমার নির্বাচনি এলাকাসহ বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে, যা এখন বাস্তবায়নের পথে। তিনি গণমাধ্যমসমূহে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

জাপানি তরুণদের সুশৃঙ্খল জীবনযাত্রা তুলে ধরে মন্ত্রী বলেন, জাপানের শিশুরা অত্যন্ত সুসংবদ্ধ এবং তাদের প্রতিটি পদক্ষেপে শিক্ষার প্রতিফলন দেখা যায়। আমাদের শিশুদেরও ভালো কিছু শেখার ও জানার মানসিকতা গড়ে তুলতে হবে, যাতে তারা প্রকৃত মানুষ হতে পারে। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোটি শিশু-কিশোরের অংশগ্রহণে সরকার স্পোর্টস ইভেন্টের যে আয়োজন করেছে, তার মূল লক্ষ্যই হলো আমাদের সন্তানদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও মাদকমুক্ত রাখা। অনাগত শিশুদের জন্য আগামী দিনের বাংলাদেশকে একটি নিরাপদ ও বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য বলে জানান তিনি। এছাড়া, সার্বিক শিশু কল্যাণে এ ধরনের গঠনমূলক আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের অনুরোধ জানান মন্ত্রী।

সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, জাতীয় সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা এবং রূপগঞ্জ ইউথ ফ্রন্টের সভাপতি ও যুব সংগঠক মোঃ নূরন্নবী ভূইয়া।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *