নিউটার্ন প্রতিবেদক : চট্টগ্রাম জেলায় এবার দুই হাজার ২৭৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি মনিটরিং দল ও সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। দুর্গাপূজা উপলক্ষে চার দিন সাধারণ ছুটিসহ ৮ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের চট্টগ্রাম জেলা কমিটির কর্মকর্তারা এসব তথ্য জানান। এ ছাড়া চট্টগ্রাম মহানগরে ২৯৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব হচ্ছে। আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব শুরু হবে। আজ সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি নিতাই প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সাবেক সভাপতি দীলিপ মজুমদার, অধ্যাপক নারায়ণ কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক জানান, জেলার ১৬ উপজেলা ও পৌরসভায় ১ হাজার ৬৫৫টি সার্বজনীন প্রতিমাপূজা এবং ৬১৯টি ঘটপূজার আয়োজন করা হয়েছে। গত ১০ অক্টোবর মহালয়ার দিনে বোয়ালখালীর শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধস আশ্রমে মহালয়া উদ্যাপনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। শারদীয় দুর্গোৎসবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায়, সেটিই তাদের প্রত্যাশা। সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে দুর্গাপূজায় চার দিন সাধারণ ছুটি ঘোষণা, দেশের প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে একটি করে মডেল মন্দির নির্মাণ, বোয়ালখালীর চণ্ডীতীর্থ মেধস আশ্রমের উন্নয়ন এবং দক্ষিণ কাট্টলীর রানি রাসমণি বারুণী স্নানঘাট বা ‘সমুদ্রতীর্থ’ সংস্কার ও উন্নয়ন অন্যতম।নিউটার্ন/এআর Post Views: 10 Post navigation কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা