পালাবদলের পরেই যাদবপুরের লালদুর্গে নজর সঙ্ঘ-বিজেপির! প্রভাব বাড়ছে গেরুয়ার, সংঘাত এড়িয়ে জল মাপছে দুই পক্ষই

রাজ্যে ক্ষমতার আরও এক দফা হাতবদলের পরে নতুন শাসক গেরুয়া শিবির কিন্তু পা রাখতে চাইছে যাদবপুরের মাটিতে। দু’মাসে অল্প হলেও তারা সফল।

আন্তর্জাতিক ডেস্ক :

তৃণমূল জমানার দেড় দশকে গোটা রাজ্যে ‘শূন্য’ হয়ে গিয়েছিল বামেরা। ব্যতিক্রম শুধু একটি। যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ‘বামদুর্গে’ দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। কেউ কেউ বলেন, চায়ওনি। রাজ্যে ক্ষমতার আরও এক দফা হাতবদলের পরে নতুন শাসক গেরুয়া শিবির কিন্তু পা রাখতে চাইছে যাদবপুরের মাটিতে। দু’মাসে অল্প হলেও তারা সফল। বামপক্ষের তীব্র প্রতিরোধ সত্ত্বেও। আনন্দবাজার ডট কম

বিধানসভার ফল ঘোষণার আট দিনের মাথায়, ১২ মে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ‘আত্মপ্রকাশ’। চালু হয়েছে আরএসএস-এর শাখা। শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মি পলাশ মাজি। পলাশ বলছেন, ‘‘রোজ সকাল সাড়ে ছ’টায় শাখা শুরু হয়। চলে সাড়ে সাতটা পর্যন্ত। আপাতত স্বয়ংসেবকের সংখ্যা ২৫ জন।’’ স্বয়ংসেবক কর্মি এবং ছাত্ররাই। কোনও অধ্যাপক এখনও নাম লেখাননি। তবে শাখা চলাকালীন কেউ কেউ হাজির হচ্ছেন দর্শক হিসেবে। ধ্বজপ্রণামেও যোগ দিচ্ছে কারও কারও পরিবার।

বিশ্ববিদ্যালয় চত্বরে অফিস করার জন্য ঘরও চেয়েছে সঙ্ঘ প্রভাবিত তিনটি সংগঠন— বিজেপি অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ, আরএসএস-এর শ্রমিক সংগঠন বিএমএস অনুমোদিত কর্মচারী সঙ্ঘ এবং শিক্ষক-অধ্যাপক সংগঠন এবিআরএসএম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘর বরাদ্দ করলেও তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আপত্তি জানিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। বামেরা বিনাযুদ্ধে জমি ছাড়তে নারাজ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচিলঘেরা ৬০ একর জমির মধ্যে ‘বাম বাস্তুতন্ত্রের’ (লেফট ইকোসিস্টেম) প্রতিষ্ঠা ষাটের দশকের মাঝামাঝি। লাগোয়া অঞ্চলে উত্তাল উদ্বাস্তু আন্দোলন অনুঘটক। তার পর সেই লালের পোঁচ কখনও ফিকে, কখনও গাঢ়। নকশাল জমানায় বিশ্ববিদ্যালয় চত্বরেই খুন হয়েছেন উপাচার্য গোপাল সেন। সাতাত্তরে সিপিএম ক্ষমতায় এসে প্রভাব বাড়িয়েছে। কারও মৌরসিপাট্টাই নিরঙ্কুশ হয়নি কখনও। ‘দখলদারি’ নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়েছে নানা বাম। ‘সংশোধনবাদ’, ‘বিপ্লবী হঠকারিতা’ ইত্যাদি নানা আদর্শগত লব্জের আড়ালে। সীমাও যে কখনও কখনও লঙ্ঘিত হয়নি, তা নয়। ক্যাম্পাসের দেয়ালে ‘আজাদ কাশ্মীর’ লেখা নিয়ে তোলপাড় হয়েছে কিছু দিন আগেই। বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছেন, একদা জাতীয়তাবাদের পীঠস্থান এখন দেশবিরোধীদের ঠাঁই। ‘আমার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমি সন্ত্রাসবাদী নই’, পোস্টার লিখে প্রতিবাদ জানিয়েছে বামেরা।

এই ‘বাম বাস্তুতন্ত্রে’ আঘাত হানার চেষ্টা তৃণমূল বিশেষ করেনি। যাদবপুরে কল্কেই পায়নি তৃণমূল ছাত্র পরিষদ। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চাননি, অভিযোগ করেছিলেন সেই সময় টিএমসিপি-র সর্বেসর্বা শঙ্কুদেব পণ্ডা। যাদবপুরে ঘাসফুল ফোটানোর সব ছক নাকি তাতেই ভেস্তে যায়। শঙ্কুদেব এখন বিজেপিতে। তার এখনকার দল পুরনো দলের পথে হাঁটছে না। ছাত্র, অধ্যাপক, কর্মি— সব স্তরে সংগঠন বাড়ানোর চেষ্টা শুরু হয়েছে। যাদবপুরের বামদুর্গে ফাটল ধরানোর চেষ্টা বিজেপি আগেও করেছিল। সফল হয়নি। এখন তাদের চেষ্টার জোর বেশি। সাফল্যের সম্ভাবনাও।

ক’বছর আগেও এবিভিপি করার ‘অপরাধে’ এক পড়ুয়াকে একঘরে করে ফেলার মতো ‘দাপট’ দেখাতে পেরেছিলেন তার বামপন্থি সহপাঠীরা। এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সঙ্ঘের ছাতার তলায় থাকা ছাত্র সংগঠন। ২০১৯ সালে সংগঠনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আমন্ত্রণ জানিয়েছিলেন গণজ্ঞাপন (মাস কমিউনিকেশন) বিভাগের ছাত্র সুরঞ্জন সরকার। বাবুল এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা আসার পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাম পড়ুয়াদের হাতে ঘেরাও হয়ে যান বাবুল। তাকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য সুরঞ্জন দাস। তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। অবশেষে ক্যাম্পাসে এসে বাবুলকে নিজের গাড়িতে উদ্ধার করে নিয়ে যান রাজ্যপাল জগদীপ ধনখড়।

আর তার পর থেকেই বয়কটের মুখে পড়েন সুরঞ্জন সরকার। এখন রাজ্যে বিজেপি যুবমোর্চার প্রথম সারির মুখ সুরঞ্জনের কথায়, ‘‘এসএফআই, নকশাল সবাই মিলে আমাকে বয়কট করেছিল। আমি ক্লাসে গেলে সবাই দল বেঁধে ক্লাস ছেড়ে বেরিয়ে যেত। অধ্যাপকদের বলত— এখানে আরএসএস-এর দালাল বসে রয়েছে। তার পাশে বসে আমরা ক্লাস করতে পারব না। ওরা সবাই অন্য কোনও ঘরে গিয়ে বসত। অধ্যাপকরাও সেখানে গিয়ে পড়াতেন।’’

এমন অবস্থা চলেছিল বেশ কয়েক মাস। সাত বছর পরে ক্যাম্পাসের ভিতরে, ঢোকা-বেরোনোর গেটে এবিভিপি-র পতাকা। শ্যামাপ্রসাদের ছবিওয়ালা ব্যানারও রয়েছে বেশ কিছু। এখনও ছেঁড়া হয়নি।

তবে বাম-প্রতিরোধ যে নেই তা নয়। সঙ্ঘ প্রভাবিত তিনটি সংগঠনের দাবি মেনে তাদের জন্য ঘর বরাদ্দ করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মচারী পরিষদ ও কর্মচারী সঙ্ঘকে সুবর্ণজয়ন্তী ভবনে এবং এবিআরএসএম-কে টেকিপ বিল্ডিং-এ। সুবর্ণজয়ন্তী ভবনে ঘর দেয়া নিয়ে আপত্তি জানিয়েছে এসএফআই। গত ২ জুলাই উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে চিঠি দিয়ে তারা বলেছে, ‘‘কোনও রাজনৈতিক শক্তির সঙ্গে সরাসরি যুক্ত থাকা সংগঠনকে শৈক্ষিক চত্বরে ঘর দেয়া উপযুক্ত নয়।’’ সেই চিঠির উপরে নোট দিয়েছেন উপাচার্য। এস্টেট বিভাগকে বলেছেন, অন্য কোনও ভবনে ঘর দিতে।

এটাকে তাদের আটকানোর চেষ্টা হিসেবেই দেখছে কর্মচারী পরিষদ। ‘‘আমরা চাইলে এই ঘরগুলো খুলে বসা শুরু করতে পারতাম। কিন্তু উপাচার্য যেহেতু একটা নির্দেশ দিয়ে দিয়েছেন, তাই তার সম্মানের কথা খেয়াল রেখে আমরা অপেক্ষা করছি। আমাদের জন্য কী ব্যবস্থা হচ্ছে দেখি। উপযুক্ত ব্যবস্থা না হলে আমরা উপযুক্ত পদক্ষেপ করব।’’ বলছেন পলাশ মাজি।
-ঈশানদেব চট্টোপাধ্যায়

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *