ঢাকা :
ঢাকার চারপাশের নৌপথ সচলের প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নদী দূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে পরিবেশ অধিদপ্তর আজ নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন এবং তরল বর্জ্যের নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছে।
আজ পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা, নামাপাড়া, সস্তাপুর ও কুতুবপুর এলাকায় অবস্থিত ছয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড, কর্ণফুলী টেক্সটাইল মিল, ঢাকা টেক্সটাইল মিলস, এম এম ডাইং, মেসার্স শাহীন টেক্সটাইল মিল এবং আই এফ এস টেক্সওয়্যার। পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষায় দূষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অধীন ঢাকা জেলা কার্যালয়ের একটি পরিদর্শন দল দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত আজান ওয়াশিং ও আল আমিন ওয়াশিং নামের দুটি কারখানা পরিদর্শন করে। পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি স্থাপন ছাড়াই ওয়াশিং কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠান দুটি থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই এলাকার অন্যান্য ওয়াশিং কারখানা পরিদর্শনের সময় বন্ধ পাওয়া যায়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নদী ও জলাশয় দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিদর্শন, নজরদারি ও আইনগত কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *