মানিকগঞ্জ :
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে একটি র‍্যালির আয়োজন করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম প্রধান অতিথি হিসেবে র‍্যালির উদ্বোধন করেন এবং জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষকে তৃণমূল পর্যায়ে আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তিনি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের স্বপ্রণোদিত হয়ে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য চাষিদের যেকোনো ধরনের কারিগরি সহায়তা দিতে সরকার সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে দেশীয় মাছের কোনো বিকল্প নেই। দারিদ্র্যবিমোচন ও জাতীয় অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে মৎস্য চাষকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় ও সম্প্রসারিত করতে হবে বলে জানান তিনি।
বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের প্রথম ছয় মাসেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ব্যাপক অগ্রগতি হয়েছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। জুলাই যোদ্ধাদের প্রতি সম্মানার্থে পর্যটন করপোরেশনের অধীনে হোটেল-মোটেল এবং বিমান ভাড়ায় বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের জন্য ন্যায্য বিমানভাড়া নিশ্চিত করতেও সরকার কাজ করছে।
সভায় মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসকসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *