ঢাকা :

বাংলাদেশের স্বাস্থ্যপণ্য সরবরাহ ব্যবস্থা আরো শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় ওষুধাগার তথা সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (CMSD), জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় (UNOPS) এবং গ্লোবাল ফান্ডের অংশীদারিত্বে ঢাকার তেজগাঁওয়ে সিএমএসডি প্রাঙ্গণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আজ একটি নতুন ফার্মা গ্রেড ওয়্যারহাউজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
নতুন এই স্থাপনাটি প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যসামগ্রী নিরাপদ, দক্ষ ও মানসম্মতভাবে সংরক্ষণের জন্য আধুনিক ও মানসম্মত অবকাঠামো প্রদান করবে। এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যপণ্য সরবরাহ ব্যবস্থার সক্ষমতা আরো জোরদার হবে।
প্রকল্পটি প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যমান একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ঘাটতি পূরণে ভূমিকা রাখবে। প্রস্তাবিত ওয়্যারহাউজটির আয়তন হবে ১৪ হাজার বর্গফুট এবং এতে এক লাখ ঘনফুট সংরক্ষণ সক্ষমতা থাকবে। স্থাপনাটিতে আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা, HVAC এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত থাকবে। এটি ফার্মাসিউটিক্যাল পণ্য সংরক্ষণের প্রয়োজনীয় মানদণ্ড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্মিত হবে।
গ্লোবাল ফান্ডের সহায়তায় বাস্তবায়নাধীন এই উদ্যোগটি বাংলাদেশ সরকার এবং UNOPS-এর সমন্বিত সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই আধুনিক ফার্মা গ্রেড ওয়্যারহাউজ নির্মাণ বাংলাদেশের স্বাস্থ্যপণ্য সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিরাপদ, মানসম্মত ও দক্ষ সংরক্ষণ অবকাঠামোয় বিনিয়োগের মাধ্যমে আমরা এমন একটি ব্যবস্থাকে আরো শক্তিশালী করছি, যা আমাদের জনগণের জন্য প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রীর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়তা করবে।
মন্ত্রী আরো বলেন, এই প্রকল্প বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য কর্মসূচিগুলোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো আরো শক্তিশালী করার বৃহত্তর উদ্যোগের অংশ। সংরক্ষণ সক্ষমতা, পরিচালন দক্ষতা, নিরাপত্তা এবং মানদণ্ড অনুসরণ আরো উন্নত করার মাধ্যমে নতুন ওয়্যারহাউজটি প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর আরো কার্যকর ব্যবস্থাপনায় অবদান রাখবে এবং বাংলাদেশের স্বাস্থ্য পণ্য সরবরাহ ব্যবস্থাকে আরো স্থিতিস্থাপক করে তুলতে সহায়তা করবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর (DGHS); কিউ কুই, সিনিয়র ফান্ড পোর্টফোলিও ম্যানেজার, গ্লোবাল ফান্ড; নামিরা বসনজাক, অফিসার ইন চার্জ ও প্রোগ্রাম ম্যানেজার, UNOPS বাংলাদেশ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।
-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *