ঢাকা : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের অগ্রগতি, কেন্দ্রটি থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পারমাণবিক জ্বালানি ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (Rosatom)-এর সহযোগী প্রতিষ্ঠান Rosatom Energy Projects Joint-Stock Company-এর মহাপরিচালক Andrey Rozhdestvin-এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আজ (২৬ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক অগ্রগতি, অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দ্রুত সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও সমন্বয়মূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। তিনি প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আরো কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এসময় রোসাটমের মহাপরিচালক রূপপুর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। -ত.বি. Post Views: 5 Post navigation এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রীর সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক