গত শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সমিতির দেশবরেণ্য কবি ও গীতিকবিদের নিয়ে এক ‘কবিতা, পিঠা ও গান: মিলনে-আনন্দে আমাদের গুণীজন’ শীর্ষক এক আনন্দ আয়োজন করে। এই আয়োজনে সমিতির দেশসেরা কবি ও গীতিকবিরা অংশগ্রহণ করেন। কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন। গীতিকবিদের লেখা গান সংগীতাঙ্গনের শ্রোতাপ্রিয় শিল্পীরা গেয়ে শোনান। আয়োজনে উপস্থিত সমিতির সদস্য ও অতিথিরা কবিতা ও গানের সাথে পিঠা উপভোগ করেন। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি আতাহার খান, শিহাব সরকার, মাহমুদ শফিক, হাসান হাফিজ, শামীমা চৌধুরী, দিলদার হোসেন, শান্তা মারিয়া, দুলাল খান, সাঈদ আহমেদ খান, সেলিনা শিউলি ও দীপংকর দীপক। শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন আমন্ত্রিত অতিথি হয়ে শুভেচ্ছা বক্তব্য ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানের আয়োজক বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের নেতৃত্বাধীন বর্তমান কার্যনির্বাহী কমিটি তাদের প্রত্যেকের হাতে সম্মাননা স্মারক ও বাচসাস-এর নিজস্ব ম্যাগাজিন বাচসাস ভয়েস তুলে দেন। বাচসাস-এর সদস্য দেশের খ্যাতিমান এই কবিরা শুভেচ্ছা বক্তব্যে বাচসাস-এর ইতিহাস এবং তাদের সাংবাদিকতার অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন। এতে উপস্থিত সদস্য ও অতিথিরা তাদের কথা শুনে ঋদ্ধ হন। কবিদের আবৃত্তিতে পুরো অনুষ্ঠান অনবদ্য হয়ে উঠে। বাচসাস-এর সদস্য দেশের খ্যাতিমান গীতিকবি সাহাবুদ্দিন মজুমদার, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, রোজাউর রহমান রিজভী, তারেক আনন্দ, ওমর ফারুক ও আশিক বন্ধু রচিত গান শিল্পীরা পরিবেশন করে পুরো অনুষ্ঠানকে আনন্দময় করে তোলেন। শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন কানিজ সুবর্ণা, কামরুজ্জামান রাব্বি, কাজী শুভ, নদী, রাইসা খান, মুহাম্মদ মিলন ও অভি তালুকদার। কবিতা ও গানের সুরে পুরো অনুষ্ঠান এক আনন্দময় হয়ে উঠে। উপস্থিত বাচসাস সদস্য সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা এই অনুষ্ঠান আয়োজনকে ব্যতিক্রমী বলে অভিহিত করেন। তারা বলেন, গুণীজনদের নিয়ে এমন আয়োজন সচরাচর দেখা যায় না। এমন আয়োজনের জন্য তারা বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাচসাস-এর সদস্যরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন চলচ্চিত্রের প্রথিতযশা পরিচালক ছটকু আহমেদ, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব ও বাচসাস সদস্য লিটন এরশাদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সভাপতি কাদের মনসুর, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশেনের (বিসিআরএ) সভাপতি মনিরুল ইসলাম, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। তারা বাচসাস-এর এই আয়োজন ও উদ্যোগকে সাধুবাদ জানান। Post Views: 26 Post navigation বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর পিছু হটলো সংস্থা বাচসাস’র আঙিনায় পিঠা, কবিতা আর সুরের সন্ধ্যা