আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭ নম্বর সুখারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মাওলানা শেখ মামুনুর রশিদ। তিনি সিলেট মহানগরীর সাবেক ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
মাওলানা শেখ মামুনুর রশিদের শিক্ষাজীবনও সমৃদ্ধ। তিনি জেনারেল শিক্ষা ধারায় বিএ, অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে কামিল (এমএ) ডিগ্রি অর্জন করেছেন।
ছাত্রজীবনে সিলেট মহানগরীতে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন বলে জানা গেছে। তার রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের জন্য কাজ করতে চান তিনি।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মাওলানা শেখ মামুনুর রশিদ বলেন, সুখারী ইউনিয়নের মানুষের জন্য কাজ করার আগ্রহ থেকেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এলাকার শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চান তিনি।
তিনি বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করার চেষ্টা করবেন।
মাওলানা শেখ মামুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে তিনি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। নির্বাচনের মাঠে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তার পরিকল্পনা ও কর্মসূচির কথা তুলে ধরছেন।
এদিকে সুখারী ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী নির্বাচনী প্রস্তুতি নেয়ায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রার্থীরা ইতিমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন কোন প্রার্থীর দিকে যায়, সেটিই নির্ধারণ করবে নির্বাচনের ফলাফল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *