মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। অবৈধ মজুদের অভিযোগে দিনাজপুরের বিরলে দিনব্যাপী অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ করেছে প্রশাসন ও কৃষি বিভাগ। একই সাথে ভ্রাম্যমাণ আদালতে চারজন সার ডিলারকে এক লক্ষ দুই হাজার টাকা জরিমানা ও একটি সার গুদাম সিলগালা করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ০২ নং ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের পাশে মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম মেসার্স শাহির ট্রেডার্স (লাইসেন্স নং ৬০২৪) প্রোঃ মোঃ নাসিম ইকবাল খোকনকে অবৈধভাবে সার মজুদ করার দায়ে ৭৮২ বস্তা সার যার মধ্যে টিএসপি ৪৪৬ বস্তা, ডিএপি ২৭৬ বস্তা, এমওপি ৪৬ বস্তা ও ইউরিয়া ১৪ বস্তা জব্দ করে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। রাতেই তিনি পার্শ্ববর্তী একই এলাকায় লাইসেন্স বিহীন খুচরা বিক্রেতা মোঃ আলিম এর দোকানে অবৈধভাবে মজুদকৃত ১৭ বস্তা সার যার মধ্যে টিএসপি ০৭ বস্তা, এমওপি ০৭ বস্তা ও ডিএপি ০৩ বস্তা জব্দ করে দুই হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। এছাড়াও উপজেলার ০৪ নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনোয়ার হোসেন মেসার্স নবাব ট্রেডার্স (লাইসেন্স নং ৬০৮৭) প্রোঃ মশিউর রহমান এর দোকানের দুইটি ঘরে নিবন্ধন ব্যতীত সার ৮২ বস্তা যার মধ্যে ডিএপি ৩২ বস্তা, ইউরিয়া ২৫ বস্তা, এমওপি ২৫ বস্তা অবৈধ মজুদকালে জব্দ করে দশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন এবং চককাঞ্চন মোড়ে পৃথক অভিযানে মেসার্স হাসেম ট্রেডার্স (বিসিআইসি ডিলার) প্রোঃ মোঃ হাসেম এর ভাই মোঃ জাহাঙ্গীর আলমকে অবৈধভাবে মজুদকৃত ৫১০ বস্তা সার যার মধ্যে ডিএপি ১০৩ বস্তা ও এমওপি ৪০৭ বস্তা জব্দ করে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জব্দকৃত সার সরকারি মূল্যে কৃষকদের নিকট বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য বিরল উপজেলা কৃষি অফিসার ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারকে নির্দেশ দেন। এরিপোর্ট লেখাকালীন জব্দকৃত সারসমূহ বিক্রয় এবং জাহাঙ্গীর আলম এর সার গোডাউনটি সীলগালা করে রাখা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি Post Views: 22 Post navigation সুখারী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাওলানা শেখ মামুনুর রশিদ দিনাজপুর সদরের শশরা ইউনিয়নকেপরিবেশবান্ধব গ্রাম ঘোষণা