দিনাজপুর প্রতিনিধি ॥
“হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করো”— এই স্লোগানকে সামনে রেখে সামাজিক প্রতিরোধ কমিটি দিনাজপুরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর-২০২৬) বিকেল ৪ টায় দিনাজপুর প্রেস ক্লাবের সম্মুখ সড়কে এই মানববন্ধনের আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি, দিনাজপুর।
দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটির আহবায়ক মো. সফিকুল ইসলাম-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানীয় সদস্য কানিজ রহমান, জেলা ভেটেনেরিনারী অফিসার আশিকা আকবর তৃষা, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, উদীচী’র সভাপতি জলিল আহমেদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুবিনা আকতার, পল্লী শ্রী’র প্রতিনিধি শামসুন নাহার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দেশে চলমান বিভিন্ন হত্যাকাণ্ড, গুম-নিখোঁজ এবং সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নাগরিকদের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সরকারের জবাবদিহিতা জনগণের সামনে দৃশ্যমান করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিশু, নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যেকোনো মূল্যে এই অনগ্রসর ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উক্ত মানববন্ধনে সামাজিক প্রতিরোধ কমিটির স্থানীয় নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মি, নারী নেত্রী এবং বিভিন্ন প্রগতিশীল সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *