ঢাকা : জলবায়ু-সহিষ্ণু কৃষি অর্থায়ন ও টেকসই অর্থায়নের প্রসারে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক, পপুলেশন ক্রাইসিস কন্ট্রোল অ্যান্ড ম্যাস এডুকেশন কমিটি (পিসিসি অ্যান্ড এমইসি) এবং অ্যাগ্রিপালস। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন; পিসিসি অ্যান্ড এমইসি-এর নির্বাহী পরিচালক মির্জা শামীম রেজা; এবং অ্যাগ্রিপালসের প্রতিষ্ঠাতা ও মালিক মোহাম্মদ ইশরাত উল্লাহ। এই অংশীদারিত্বের আওতায় জলবায়ু-সহিষ্ণু কৃষি কার্যক্রমের জন্য অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক। একইসঙ্গে অর্থায়ন করার ক্ষেত্রে টেকসই অর্থায়নকে গুরুত্ব দেবে দেশের শীর্ষস্থানীয় এই ব্যাংকটি। কৃষক ও অর্থায়ন প্রক্রিয়ার মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করবে পিসিসি অ্যান্ড এমইসি। প্রতিষ্ঠানটি সুবিধাভোগীদের কাছে অর্থায়ন পৌঁছানো ও সামগ্রিক বাস্তবায়নে সহায়তা দেবে। অন্যদিকে তথ্য ব্যবস্থাপনা ও মনিটরিংসহ অর্থায়ন প্রক্রিয়ায় প্রযুক্তিনির্ভর কারিগরি সহায়তা দেবে অ্যাগ্রিপালস। তিন প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগের লক্ষ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার সুযোগ বাড়ানো, টেকসই কৃষি পদ্ধতির ব্যবহার উৎসাহিত করা এবং জলবায়ু-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা শক্তিশালী করা। এই অংশীদারিত্বের আওতায় ব্র্যাক ব্যাংকের আর্থিক সক্ষমতা, পিসিসি অ্যান্ড এমইসির সমন্বয়কারী ভূমিকা এবং অ্যাগ্রিপালসের কারিগরি সক্ষমতার সমন্বয় ঘটবে, যা আরও কার্যকর ও টেকসই কৃষি অর্থায়ন বাস্তুতন্ত্র গড়ে তুলতে সহায়ক হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং হেড অব এমএফআই ও এগ্রিকালচার ফাইন্যান্স তপস কুমার রায়সহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “দেশের কৃষি খাতের অগ্রগতির জন্য কৃষকদের তুলনামূলক কম ইন্টারেস্টে অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে আমাদের জলবায়ু-সহিষ্ণু কৃষি কার্যক্রমকেও সম্প্রসারিত করতে হবে। পিসিসি অ্যান্ড এমইসি এবং অ্যাগ্রিপালসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব আমাদের সেই লক্ষ্যেরই প্রতিফলন। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের টেকসই কৃষি খাতে প্রযুক্তিনির্ভর ডিজিটাল ঋণদানে আমরা একটি নতুন মানদণ্ড স্থাপন করছি। আমরা আশা করি, এ ধরনের অংশীদারিত্ব আগামী দিনে আরো কার্যকর কৃষি অর্থায়ন নিশ্চিত করবে এবং আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা রক্ষায় দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।”-প্রেস রিলিজ Post Views: 33 Post navigation রাকাব-এ সদ্য যোগদানকৃত চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা প্রদান