,
দোনা মহুরি রাস্তার মাথায় মর্মান্তিক দুর্ঘটনা, গুরুতর আহত আরও ২
এস. এম.সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা মহুরি রাস্তার মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দোনা কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে রিমন (২৫), নজরুল ইসলামের ছেলে আমিন হোসেন (২২) এবং বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জামাল মাস্টারের ছেলে মুহিব (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সাইনবোর্ডের দিকে যাচ্ছিল একটি ডাববোঝাই নসিমন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে দোনা মহুরি রাস্তার মাথায় নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও তিনজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করেন।
তবে হাসপাতালে নেয়ার পথেই আহত মুহিবের মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে। গুরুতর আহত অপর দুইজনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ
একসঙ্গে তিন তরুণের মৃত্যুর খবরে দোনা ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল ও হাসপাতালে স্বজনদের ভিড় জমে যায়।
স্থানীয়রা জানান, সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল এবং অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের আরও সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
পুলিশের বক্তব্য
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের পরিস্থিতি ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *