মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ছেলের কবরের পাশে প্রতিদিন এসে দাঁড়ান ৮০ বছর বয়সী রিকাপজান খাতুন। চোখের পানি ফেলেন, স্মৃতি হাতড়ে বেড়ান। কখনো কবরের পাশে বসে বিলাপ করেন। পাঁচ ছেলের মধ্যে সবার ছোট সন্তান সাবেদ আলী ছিলেন তার সবচেয়ে আদরের। এখন সেই ছেলের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করা ছাড়া যেন আর কিছুই করার নেই তার। প্রতিদিন কবরের কাছে এসে ছেলেকে দেখেন, কিন্তু দেখতে পারেন না ছেলের মুখ। সরেজমিনে দেখা যায়, বাড়ির উঠানে পড়ে আছে ট্রাক্টর। যে ট্রাক্টর চালিয়ে অন্যের জমি চাষ করে সংসার চালাতেন সাবেদ আলী, সেই ট্রাক্টরের চালকের আসন এখন শূন্য। প্রায় এক মাস ধরে তার বাড়িতে চলছে শোকের মাতম। স্বামী হারিয়ে দুই সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী ছফুরা খাতুন। তার অভিযোগ, বাপের বাড়ির লোকজনের হামলায় প্রাণ হারিয়েছেন তার স্বামী। ঘটনার সময় স্বামীকে বাঁচাতে অনেক আকুতি করেও শেষ পর্যন্ত পারেননি তিনি। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা গ্রামের বাসিন্দা ছিলেন সাবেদ আলী। সহজ-সরল এই মানুষটি অন্যের জমিতে ট্রাক্টর চালিয়ে যা আয় করতেন, তা দিয়েই চলত তার সংসার। স্বজনদের ভাষ্য, ২৩ অক্টোবর শুক্রবার সকালে বর্গাচাষের জমিতে যাওয়ার পথে হামলার শিকার হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সাবেদ আলীর মৃত্যুর পর থেকে স্বাভাবিক হতে পারেননি তার মা। প্রতিদিন ছেলের কবরের পাশে গিয়ে বসেন, চোখের পানি ফেলেন। যে সন্তানকে নিজের চোখের সামনে বড় করেছেন, সেই সন্তান আর কোনোদিন ঘরে ফিরবেন না—এ বাস্তবতা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। এ ঘটনায় ২৫ অক্টোবর নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তদের অনেকে গবাদিপশু বিক্রি করে বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন। অভিযুক্ত ফারুকের স্ত্রী আকলিমা বেগমও বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা বাড়িঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে।তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এক উঠানে পড়ে আছে ট্রাক্টর। ঘরে অপেক্ষায় স্ত্রী ও দুই সন্তান। আর প্রতিদিন ছেলের কবরের পাশে এসে তাকে খুঁজে ফেরেন বৃদ্ধ মা। স্বজনদের দাবি, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। Post Views: 24 Post navigation অনুদান নয়, রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি— সাচিং প্রু