জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরার গালে চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা রাম কপূর। সেই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেতা।

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী শ্রেয়া কালরার গালে হঠাৎ চুম্বন রাম কপূরের! রিয়্যালিটি শোয়ের সেই মুহূর্তকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা রাম। ওই ঘটনার পর শ্রেয়া অভিযোগ করেছিলেন, তার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করেছেন রাম। তবে অভিনেতার দাবি, পরে শ্রেয়া নিজেই তাকে জানিয়েছিলেন যে, তিনি কোনও খারাপ উদ্দেশ্যে এমন মন্তব্য করেননি এবং গোটা বিষয়টিই ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে।আনন্দবাজার ডট কম

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই প্রসঙ্গে কথা বলেন রাম। তার কথায়, “ও আমার সঙ্গে অনেক বার চ্যাট করেছে। ও বলেছে, ‘শোনো, আমি ওই রকম কিছু বোঝাতে চাইনি এবং তুমি তোমার জায়গায় একেবারে ঠিক।’ আমি সব সময় এমনই। আমার স্নেহ প্রকাশের ধরনটা অনেক সময়েই শারীরিক। কেরিয়ারের শুরু থেকেই আমি এমন। আর কী ভাবে কোনও বিষয়কে ভুল ভাবে ব্যাখ্যা করা হবে, তা ভেবে নিজেকে বদলাতে যাব না। এ সব নিয়ে আমি মাথাই ঘামাই না।”

তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ককেও গুরুত্ব দিতে নারাজ রাম। তার কথায়, এই ধরনের আলোচনা তাকে প্রভাবিত করে না। বিনোদনজগতে দীর্ঘ কেরিয়ারের প্রসঙ্গ তুলে অভিনেতার মন্তব্য, এত বছর কাজ করার পরেও তার সঙ্গে কাজ করা কোনও মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করেননি— এটাই তার কাছে গর্বের বিষয়।

রাম বলেন, “এই ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের কেরিয়ার। তাতে আমি খুব খুশি এবং গর্বিত যে, আমার সঙ্গে কাজ করা কোনও মহিলা কখনও আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। তাই মানুষ কী বলল, তা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি যেমন, তেমনই থাকব।”

তাকে ঘিরে চলা বিতর্কগুলিকে ‘অপ্রয়োজনীয়’ বলেও মন্তব্য করেন রাম। তার কথায়, “এই ছোটখাটো বিষয়গুলো বার বার ঘটতে থাকে, এমন বিতর্ক তৈরি হয়, যেখানে প্রসঙ্গের বাইরে কথা নিয়ে যাওয়া হয়। এগুলির পিছনে আমি নিজের সময় নষ্ট করতে চাই না, কারণ জীবন খুব দ্রুত এগিয়ে যায়। যেমনটা বললাম, আমার জীবনে এত ইতিবাচক বিষয় রয়েছে, আমি সেগুলিতেই মন দিই। আর এগুলো অর্থহীন এবং সময়ের অপচয়।”

সাক্ষাৎকারে শ্রেয়ার সঙ্গে তার জটিল সম্পর্ক নিয়েও মুখ খোলেন রাম। কেন দু’জনের মধ্যে প্রায়ই মতবিরোধ হত, সে বিষয়েও নিজের বক্তব্য জানান অভিনেতা। ব্যক্তিগত ভাবে শ্রেয়ার বিরুদ্ধে তার কোনও অভিযোগ নেই বলে জানিয়ে রামের মন্তব্য, তার মনে হয়, রাগ নিয়ন্ত্রণ করা এবং কথা বলার ধরন আরও সংযত করা উচিত শ্রেয়ার।

রামের কথায়, “শ্রেয়ার বিরুদ্ধে আমার ব্যক্তিগত ভাবে কোনও ক্ষোভ নেই। আমার মনে হয়, ও খুব ভাল পরিবারের মেয়ে এবং খুব ভাল মানুষ। তবে ও এখনও এমন একটা বয়সে রয়েছে, যেখানে রাগ নিয়ন্ত্রণ করা এবং একটু শান্ত হতে শেখা প্রয়োজন।”

রাম আরও দাবি করেন, তাদের মতবিরোধ ব্যক্তিগত কোনও কারণে ছিল না। তার বক্তব্য, পুরোটাই ছিল প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *