নিউটার্ন ক্রীড়া ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (ডব্লিউসিএল) হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়নসকে ১৬ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই-স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রানের পাহাড় গড়েছিল অজিরা। জবাবে, মঈন আলীর বিধ্বংসী ইনিংস সত্ত্বেও ২০২ রানে থমকে যায় ইংল্যান্ডের ইনিংস।টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস। দুই টপ-অর্ডার ব্যাটার ডি’আরসি শর্ট ও জোনাথন ওয়েলসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। শর্ট মাত্র ২৫ বলে ৬০ রান এবং ওয়েলস ৩২ বলে অপরাজিত ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইংল্যান্ডের পক্ষে রবি বোপারা ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন।২১৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড চ্যাম্পিয়নস। তবে ওয়ান-ডাউনে নেমে ম্যাচ জমিয়ে তোলেন অধিনায়ক মঈন আলী। মাত্র ৪৪ বলে ৯৪ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ১০টি ছক্কা ও ৪টি চারে। এছাড়া ফিল মাস্টার্ড ৩৫ ও রবি বোপারা ২৮ রান করলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রান তুলতে সমর্থ হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে বেন হিলফেনহস ২৭ রান খরচায় গুরুত্বপূর্ণ ২টি উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন। এই রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা পাকা করল অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস।নিউটার্ন/এআর Post Views: 6 Post navigation সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি