ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পেড়াবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব এবং শুভ উদ্বোধনের ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল এবং শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।

দিবসটি উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেয়া হয়। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে বিষয়ে প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয় সম্পর্কে ধারণা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *